
মঙ্গলবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘাত প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় এবং পরবর্তীতে তা ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে গিয়ে গড়ায়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসলে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা শিবির কর্মীদের ক্যাম্পাস থেকে সরিয়ে দিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
পরবর্তীতে দুপুর ২টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন। একই সময়ে হাসপাতালের মূল ফটকের বাইরে ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং শিবিরের কর্মীরা হাসপাতালের ভেতরে আশ্রয় নেন। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং অনেককে দেশীয় অস্ত্র বহন করতে দেখা যায়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং পুলিশ পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
আপনার মতামত লিখুন :