
দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে দুটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। প্ল্যাটফর্ম দুটি হলো সাইবার ঘটনা প্রতিবেদন ব্যবস্থা (সিআইআরএস) এবং জাতীয় তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়ন ব্যবস্থা (এনআরএস)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এগুলোর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নতুন এই প্ল্যাটফর্মগুলো চালুর মাধ্যমে দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাইবার হামলা, তথ্য চুরি, অনলাইন প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঝুঁকিও বাড়ছে। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক ও প্রতিষ্ঠানগুলো সহজে সাইবার ঘটনার অভিযোগ জানাতে পারবে এবং দ্রুত প্রতিকারের সুযোগ তৈরি হবে। এছাড়া, এনআরএস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সক্ষমতা যাচাই ও উন্নয়নে সহায়তা করবে। মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও অনলাইন হয়রানি প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানোর পাশাপাশি ব্যাংকিং, আর্থিক খাত এবং সরকারি তথ্যভাণ্ডারের নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সিআইআরএস প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক, প্রতিষ্ঠান ও অনুমোদিত ব্যবহারকারীরা সাইবার ঘটনার অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জমা দেওয়ার পর একটি ইউনিক আইডির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অভিযোগের অগ্রগতি, গৃহীত ব্যবস্থা এবং নিষ্পত্তির অবস্থা অনলাইনে অনুসরণ করতে পারবেন। report.ncsa.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে হ্যাকিং, সাইবার প্রতারণা, অনলাইন হয়রানি, পরিচয় চুরি, তথ্য ফাঁস, গুজব ও অপতথ্য ছড়ানোর মতো ঘটনার অভিযোগ জানানো যাবে।
অপরদিকে, এনআরএস হলো দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ও সাইবার সক্ষমতা মূল্যায়নের একটি জাতীয় রেটিং ব্যবস্থা। নির্ধারিত কাঠামোর আওতায় চারটি মূল স্তম্ভ ও ১৩১টি মানদণ্ডের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এ থেকে ই গ্রেডে মূল্যায়ন করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.), বিভিন্ন অংশীজন এবং আইসিটি বিভাগের কর্মকর্তারা।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্ম দুটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আপনার মতামত লিখুন :