
দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন। সভায় দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধানের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করেন। সভায় তারা দেশের পানি খাতের বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা এবং উত্তরণের উপায় নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুচিন্তিত সুপারিশ তুলে ধরেন।
বিশেষজ্ঞরা তাদের আলোচনায় দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন তারা।
সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা রক্ষা এবং নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়। দ্রুত নগরায়নের বর্তমান প্রেক্ষাপটে একটি সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সভায় টেকসই সমাধানের ওপর আলোকপাত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :