
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে এই পদে দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে এই পদে দায়িত্ব পালনের জন্য অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এছাড়া তার নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই সরকারি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :