
ভয়াবহ হিমবাহধস ও বন্যার ক্ষত কাটতে না কাটতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত। উত্তর তিব্বতে আঘাত হানা এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে এই কম্পন অনুভূত হয়। জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এই কেন্দ্রটি গত বুধবার ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের সীমান্ত অঞ্চলগুলো থেকে কয়েক শত মাইল উত্তরে অবস্থিত।
এর আগে গত বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল বলে জানায় চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই তিব্বতে নতুন এক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। সেখানে প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি হওয়া একটি ‘ব্যারিয়ার লেক’ বা হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় সম্ভাব্য বন্যা মোকাবিলায় চতুর্থ স্তরের ‘ফ্লাড রেসপন্স’ ব্যবস্থা চালু করেছে চীন।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে ওই হ্রদের পানির স্তর এবং বৃষ্টিপাতের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক ও নিবিড় নজরদারি রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য একটি বিশেষজ্ঞ দলকে গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :