Facebook Twitter Instagram YouTube

কীটনাশকের কাঁচামাল আমদানিতে সরকারের নতুন নীতিকে স্বাগত জানাল বামা


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ /
কীটনাশকের কাঁচামাল আমদানিতে সরকারের নতুন নীতিকে স্বাগত জানাল বামা

কৃষিকিটনাশক উৎপাদনের কাঁচামাল আমদানি সহজ করা এবং নির্দিষ্ট দেশ বা উৎস থেকে আমদানির বাধ্যবাধকতা তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)। সংগঠনটি সরকারের এই পদক্ষেপকে সময়োপযোগী ও কৃষিবান্ধব হিসেবে বর্ণনা করেছে। বামার সভাপতি ও কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, এই সিদ্ধান্ত দেশের কৃষি খাত ও সাধারণ কৃষকদের জন্য অত্যন্ত ইতিবাচক ফল বয়ে আনবে।

বামার পক্ষ থেকে জানানো হয়েছে, আগে বাংলাদেশে তৈরি কীটনাশক আমদানিকারকদের সব ধরনের সুবিধা দেওয়া হলেও দেশীয় উৎপাদকদের নানা আইনি জটিলতায় আটকে রাখা হয়েছিল। বিশেষ করে নির্দিষ্ট দেশ বা উৎস থেকে কাঁচামাল আমদানির বাধ্যবাধকতা এবং জটিল নীতিমালার কারণে স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বাড়তি উৎপাদন খরচ বহন করতে হতো। নতুন নীতিমালার ফলে এখন আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্মত কৃষি রাসায়নিক ও কাঁচামাল আমদানি করা সহজ হবে। আমদানিকারকরা এখন গুণগত মান বজায় রেখে যেকোনো সুবিধাজনক দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করতে পারবেন, যা বাজারে কৃষি উপকরণের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে এবং কৃষকের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

সংগঠনটি মনে করে, এই সিদ্ধান্ত দেশের কৃষি খাত এবং কৃষি-ভিত্তিক শিল্প উভয়ের জন্যই অত্যন্ত ইতিবাচক। অতীতে নির্দিষ্ট কিছু দেশের ওপর নির্ভরশীলতার কারণে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটলে দেশে কীটনাশকের কৃত্রিম সংকট তৈরি হতো এবং দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেত। এখন উৎসের বাধ্যবাধকতা উঠে যাওয়ায় মুক্তবাজার প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে, যার সুফল মাঠপর্যায়ে সরাসরি কৃষকরা পাবেন।

এই বিষয়ে কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম মন্তব্য করেছেন যে, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর জন্য মানসম্মত কীটনাশক ও বালাইনাশকের সহজলভ্যতা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে তৈরি কীটনাশক আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে আমাদের দেশে কৃষি উৎপাদন ব্যয় বেশি ছিল। নতুন এই নীতিমালার ফলে স্থানীয় ম্যানুফ্যাকচারিং শিল্প উৎসাহিত হবে। তবে এই সিদ্ধান্তের সুফল যাতে সরাসরি কৃষকের কাছে পৌঁছায় এবং বাজারে যেন কোনো ধরনের একচেটিয়া প্রভাব বা মনোপলি তৈরি না হয়, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin