
সিরাজগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের মতি সাহেবের ঘাট এলাকায় আয়োজিত এক মানববন্ধনে বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, ওইদিন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বক্তব্যের একপর্যায়ে মিন্টু শেখ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন। পরবর্তীতে তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এই নোটিশ প্রদান করা হয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার বিষয়টি দলীয় শৃঙ্খলাবিরোধী। এহেন কর্মকাণ্ডের কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :