Facebook Twitter Instagram YouTube

লেবানন-ইসরাইল চুক্তি প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ প্রধানের কড়া হুঁশিয়ারি


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ২:০০ অপরাহ্ণ /
লেবানন-ইসরাইল চুক্তি প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ প্রধানের কড়া হুঁশিয়ারি

লেবানন ও ইসরাইলের মধ্যে সম্পন্ন হওয়া কাঠামোগত চুক্তি আবারও সরাসরি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পর শুক্রবার এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। হিজবুল্লাহর আল-মানার টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে কাসেম স্পষ্টভাবে বলেন, ‘আমরা কাঠামোগত চুক্তির বিরোধিতা করছি এবং এটি বাতিলের আহ্বান জানাচ্ছি।’ তিনি ঘোষণা করেন, তার গোষ্ঠী কোনো অবস্থাতেই ‘আত্মসমর্পণ করবে না’ এবং মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাবে।

চলতি বছরের ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যের এই সংঘাত তীব্র আকার ধারণ করে। এর প্রতিক্রিয়ায় ইসরাইল লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান এই সংঘাত ও হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন সরাসরি আলোচনার মাধ্যমে গত জুনের শেষ দিকে একটি কাঠামোগত চুক্তিতে সই করেছিল। ওই চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা ধাপে ধাপে প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিধান রাখা হয়েছিল। চুক্তির প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু ‘পরীক্ষামূলক এলাকায়’ এই প্রক্রিয়া শুরু করার কথা ছিল।

তবে হিজবুল্লাহ প্রধান এই চুক্তিকে ‘অবৈধ, বেআইনি, অপমানজনক এবং লেবাননের সার্বভৌমত্বের জন্য ধ্বংসাত্মক’ বলে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দেন, হিজবুল্লাহ কোনো ‘পরীক্ষামূলক এলাকা’ বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো যাচাইব্যবস্থায় সম্মত নয়। এর আগে রোমে অনুষ্ঠিত এক আলোচনায় লেবাননের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছিলেন, ‘পরীক্ষামূলক এলাকা’ তদারকির জন্য কয়েকটি দেশের একটি সংক্ষিপ্ত তালিকা নিয়ে সমঝোতা হয়েছে, যেখানে হিজবুল্লাহর অবকাঠামো লেবাননের সেনাবাহিনী অপসারণ করবে বলে পরিকল্পনা ছিল।

বর্তমানে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরাইলি বিমান হামলা, গোলাবর্ষণ এবং স্থাপনা ধ্বংসের ঘটনা নিয়মিত ঘটছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার নাবাতিয়েহসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা হয়েছে। ইসরাইলি সেনারা বর্তমানে সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার গভীর পর্যন্ত নিজেদের ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চলে’ অবস্থান করছে।

নাঈম কাসেম উল্লেখ করেন, ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে যে যুদ্ধবিরতি হয়েছিল, তার গোষ্ঠী তাতে সমর্থন দিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি ও প্রস্তাবিত চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমরা মাথা উঁচু করে থাকব এবং আত্মসমর্পণ করব না।’ আগামী সেপ্টেম্বর মাসে নতুন দফায় আলোচনা হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin