Facebook Twitter Instagram YouTube

দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ জন


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ /
দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ জন

দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৭৫০ জন শিশুর প্রাণহানি ঘটেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৫৭ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও উপসর্গ থাকা তিন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নমুনা পরীক্ষার মাধ্যমে নতুন করে ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৬ জনে। এছাড়া গত এক দিনে আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে, যা নিয়ে এই সময়ে উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯২ হাজার ৮৩২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৮৯ হাজার ২৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।