Facebook Twitter Instagram YouTube

আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসার সম্ভাবনাও রয়েছে


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ /
আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসার সম্ভাবনাও রয়েছে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি আবারও কলকাতায় পা রাখতে পারেন। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর উদ্যোগে এর আগেও দুইবার কলকাতা ঘুরে গেছেন মেসি। আগামী বছর আবারও তাকে কলকাতায় আনার জোর চেষ্টা চলছে। শুধু কলকাতাই নয়, মেসির ঢাকা ঘুরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক ওয়ালে একটি 'গোট' (GOAT) ইমোজি এবং পাশে আর্জেন্টিনার পতাকা দিয়ে পোস্ট করেছেন। এই পোস্টের মাধ্যমে তিনি মেসিকে আবারও কলকাতায় আনার ইঙ্গিত দিয়েছেন। গতবার মেসির সফর ঘিরে নানা বিতর্ক হয়েছিল এবং কলকাতার ফুটবলপ্রেমীরা মেসিকে ঠিকমতো দেখতে না পারায় আক্ষেপ করেছিলেন। সম্ভবত সেই আক্ষেপ মেটাতেই মেসিকে আবারও কলকাতায় আনার চেষ্টা করা হচ্ছে।

মেসির সম্ভাব্য এই সফর নিয়ে শতদ্রু দত্ত ইতিমধ্যে আমেরিকায় পৌঁছে মেসির টিমের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে আলোচনা সদর্থক হয়েছে, যার ফলে মেসিভক্তেরা ভালো কিছু আশা করতেই পারেন। তবে মেসির আসার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ইন্টার মিয়ামির প্রাক্‌-মরসুম প্রস্তুতির অংশ হিসেবে ভারত এবং বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। দলের সঙ্গে মেসিও আসবেন। তবে ইন্টার মিয়ামির প্রাক্‌-মরসুম প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা এখনো ঠিক হয়নি। ফলে মেসির ভারত ও বাংলাদেশ সফরের দিনক্ষণ এখনই চূড়ান্ত করা সম্ভব নয়। বিশ্বকাপের পর এলএম টেনের সঙ্গে চুক্তি হতে পারে, এরপরই সফরের দিনক্ষণ জানা যেতে পারে। ২০১১ সালের প্রথম সফরের মতো এবারও কলকাতায় মেসির কোনো ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor