Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল সেরা প্রার্থী: ড. আসিফ নজরুল


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ /
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল সেরা প্রার্থী: ড. আসিফ নজরুল

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—এমন আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (২৪ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মতামত প্রকাশ করেন।

ড. আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, “বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি।” তিনি মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। সাবেক এই আইন উপদেষ্টা জানান, শেখ হাসিনা সরকারের সময় বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তা তাকে এই পদের জন্য উপযুক্ত করে তুলেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিবিদদের মধ্যে একজন মডারেট, সদাচারী এবং সুবক্তা হিসেবে পরিচিত বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছেও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

তবে বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো আরও উপযুক্ত ব্যক্তি রয়েছেন বলে স্বীকার করেন ড. আসিফ নজরুল। তিনি মন্তব্য করেন, সব দিক বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে থাকবেন এবং কোনো রাজনীতিবিদকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা প্রার্থী হবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin