Facebook Twitter Instagram YouTube

ঢাকা-রিয়াদ রুটে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট চলাচল শুরু


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ /
ঢাকা-রিয়াদ রুটে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট চলাচল শুরু

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রিয়াদ থেকে আগত রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এই নতুন ফ্লাইট চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা বক্তব্য রাখেন। বক্তারা জানান, রিয়াদ এয়ারের মূল লক্ষ্য হলো সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্ত করা এবং যাত্রীদের বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা। তাদের মতে, ঢাকা ও রিয়াদের মধ্যে এই সরাসরি সংযোগ বাণিজ্য ও অবকাশ যাপন—উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন এই রুটে প্রতিদিন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান চলাচল করবে। রিয়াদ থেকে ফ্লাইটটি রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। অন্যদিকে, ঢাকা থেকে ফ্লাইটটি সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh