Facebook Twitter Instagram YouTube

ভূমিকম্পে অনুদান দিয়ে সমালোচনার মুখে পর্ন তারকা ইউ তানো


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ /
ভূমিকম্পে অনুদান দিয়ে সমালোচনার মুখে পর্ন তারকা ইউ তানো

জাপানের সাবেক গ্র্যাভিউর আইডল ও প্রাপ্তবয়স্ক ভিডিও (এভি বা পর্ন) অভিনেত্রী ইউ তানো দেশটির কুমামোতো অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। তিনি জাপানিজ রেড ক্রসের মাধ্যমে ৩০ লাখ ইয়েন (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার) অনুদান দিয়েছেন। তবে তার এই মানবিক উদ্যোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

২২ বছর বয়সী তানো গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কুমামোতো অঞ্চলের মানুষের জন্য সহায়তার ঘোষণা দেন। হিরোশিমা প্রিফেকচারের এক বন্ধুর সঙ্গে মিলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণসামগ্রীও পাঠিয়েছেন। এই ত্রাণ তালিকায় ছিল পানীয়, স্পোর্টস ড্রিংকের পাউডার, স্যানিটারি পণ্য ও ডায়াপার। অনুদানের বিষয়ে তানো লিখেছেন, প্রতিটি খবর বা মানুষের পোস্ট দেখার সময় তার হৃদয় কষ্টে ভরে যায়। তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, তিনি যা করতে পেরেছেন তা খুবই সামান্য, তবুও কিছুটা সাহায্য করতে চেয়েছেন।

তানোর এই উদ্যোগের প্রশংসা মিললেও কিছু ব্যবহারকারী অভিযোগ তুলেছেন যে, তিনি কেবল প্রচারের জন্যই অনুদানের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। এর জবাবে তানো নিজের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, সহায়তার পরিধি আরও বাড়ানোর আশা থেকেই তিনি বিষয়টি জনসমক্ষে প্রকাশ করেছেন। তবে সমালোচনা এক পর্যায়ে ব্যক্তিগত আক্রমণের দিকে মোড় নেয়। প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে তার কাজের প্রসঙ্গ টেনে কিছু ট্রল তার দানের অর্থকে ‘নোংরা টাকা’ বলে কটাক্ষ করেন।

এ ধরনের মন্তব্যের কড়া জবাব দিতে দেরি করেননি তানো। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পেশার কারণে কাউকে সাহায্য করার অধিকার থেকে বঞ্চিত করার কোনো কারণ নেই। তিনি বলেন, দান তো দানই। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই অর্থ যেন সত্যিই যাদের প্রয়োজন, তাদের কাছে পৌঁছায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin