Facebook Twitter Instagram YouTube

মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ /
মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন

বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ও সুইজারল্যান্ড দূতাবাস। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দূতাবাস দুটি তাদের নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই অভিনন্দন বার্তা জানায়। এর আগে ঢাকার চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল।

গত বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকে দেওয়া পোস্টে মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। এছাড়া বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সুইজারল্যান্ড দূতাবাস তাদের পোস্টে জানিয়েছে, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তারা কাজ করে যেতে আগ্রহী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin