Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিতে দেখছে সরকার: জামায়াত


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ /
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিতে দেখছে সরকার: জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার উদার ও গণতান্ত্রিক দৃষ্টিতে না দেখে রাজনৈতিক সংকীর্ণতার সঙ্গে মূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের একজন মন্ত্রিপরিষদ সদস্য দাবি করেছেন যে, ৭০ অনুচ্ছেদ বহাল রেখে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ আর টেকে না। তিনি এই যুক্তির বিপরীতে প্রশ্ন তুলে বলেন, যদি এই যুক্তি গ্রহণযোগ্য হয়, তবে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কীভাবে বৈধ থাকে? কারণ, ২০২৬ সালে কোনো সাংবিধানিক প্রক্রিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণ ছিল সরকারের কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ। নির্বাচনের ফলাফল আগে থেকেই জানা থাকা সত্ত্বেও জনগণের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এবং গণতন্ত্রের দাবি জোরালো করতে তারা এই নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান তিনি।

তার দাবি, এই অংশগ্রহণ জনগণের মধ্যে নতুন করে এই উপলব্ধি তৈরি করেছে যে, বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই করতে সংবিধান সংস্কার কেন প্রয়োজন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের অংশগ্রহণকে সংকীর্ণভাবে ব্যাখ্যা না করে এর গণতান্ত্রিক বার্তা উপলব্ধি করা জরুরি। জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে কোনো সরকারই দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা করতে পারে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh