
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সরকারি পরিচয় ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। চক্রটি বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গের কাছে ফোন করে কৌশলে তথ্য সংগ্রহের পাশাপাশি আর্থিক সুবিধা হাতিয়ে নেওয়ার অপতৎপরতা চালাচ্ছে।
প্রতারক চক্রের এই কর্মকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর চারটার দিকে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট রাতে সাটুরিয়া ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ইউএনওর পরিচয়ে ফোন করে সাটুরিয়া বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর চাওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তা দ্রুত প্রশাসনের নজরে আনা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম স্পষ্ট করেছেন যে, সাটুরিয়া উপজেলা প্রশাসন এ ধরনের কোনো নীতিবহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তিনি সংশ্লিষ্ট সকলকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
তিনি আরও জানান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার একমাত্র অফিশিয়াল মোবাইল নম্বর হলো ০১৭১৩-৩৫৩৩১৭। এই নির্দিষ্ট নম্বরটি ব্যতীত তিনি বা তার দপ্তর থেকে অন্য কোনো নম্বর ব্যবহার করা হয় না। প্রতারক চক্রের কোনো কল পেলে ব্যক্তিগত বা দাপ্তরিক তথ্য প্রদান না করা এবং সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কোনো সন্দেহভাজন ফোন এলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছে প্রশাসন।
আপনার মতামত লিখুন :