
রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ ঘোষণা করেছেন যে, ভয়াবহ মাদকের সঙ্গে পুলিশের কোনো প্রকার আপোষের সুযোগ নেই। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর থানা চত্বরে আয়োজিত এক কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা প্রদান করেন। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশকে অত্যন্ত কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে যুব সমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পায়।
ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ধ্বংসযজ্ঞের প্রসঙ্গ টেনে ডিআইজি আশিক সাঈদ বলেন, সেই সময়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুলিশ ছিল এক নম্বরে। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পুলিশের কেউ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের সোজা বাড়ি যেতে হবে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যে কোনো থানা এলাকায় মাদক কারবার চললে অনেক ক্ষেত্রেই পুলিশের সঙ্গে তাদের যোগসাজশ থাকে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশ দেন এবং মাদক নির্মূলে পুলিশের ভূমিকা আপোষহীন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মাদক নির্মূলে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা চাই না কেউ মাদক কারবার বা মাদক সেবনের সঙ্গে জড়িত থাকুক। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সদর থানার ওসি রাকিবুল হাসান এবং কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :