Facebook Twitter Instagram YouTube

মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে দেড় হাজার নাগরিকের প্রত্যাবাসন


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ / ০
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে দেড় হাজার নাগরিকের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধবিধ্বস্ত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি অত্যন্ত অস্বচ্ছ বলে অভিযোগ করেছে বিভিন্ন অধিকার ও মানবাধিকার সংস্থা। তাদের দাবি, ফেরত যাওয়া এই মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত হওয়ার কোনো নিশ্চয়তা নেই।

এএফপির তথ্যানুযায়ী, রোববার মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে এই অভিবাসীরা থানলিন নৌঘাঁটিতে পৌঁছান। এরপর তাদের অভিবাসন ও স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বৌদ্ধ মঠের হলঘরে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় আটককেন্দ্রে বন্দি থাকার পর ফেরা এই মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই বন্দিদশার নানা কষ্টের কথা জানিয়েছেন এবং অনেকেরই তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয়নি।

জাতিসংঘের মতে, বর্তমান পরিস্থিতিতে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন অসম্ভব। তবে মালয়েশিয়ার দাবি, অভিবাসীরা স্বেচ্ছায় ফিরেছেন। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বন্দিদের সামনে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। এছাড়া প্রত্যাবাসিতদের মধ্যে এমন তরুণরাও রয়েছেন, যারা মিয়ানমার সামরিক বাহিনীতে জোরপূর্বক নিয়োগের ঝুঁকিতে রয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা অনুযায়ী, মিয়ানমারের ৫ হাজার অভিবাসীকে ফেরত পাঠানোর যে পরিকল্পনা রয়েছে, এটি তারই প্রথম ধাপ। তবে কুয়ালালামপুর এখনো স্পষ্ট করেনি যে এই প্রত্যাবাসিতদের মধ্যে কোনো রোহিঙ্গা আছেন কি না। জাতিসংঘ ও বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা সতর্ক করে বলেছে, তীব্র সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের এই সময়ে মানুষজনকে জোর করে এমন ঝুঁকিপূর্ণ দেশে ফেরত পাঠানো মোটেও সমীচীন নয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh