Facebook Twitter Instagram YouTube

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯৫ হাজার টাকার পিজ্জা পাঠালেন নাগাল্যান্ডের যুবক


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ /
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯৫ হাজার টাকার পিজ্জা পাঠালেন নাগাল্যান্ডের যুবক

ভারতের দিল্লির যন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নানা স্তরের মানুষ যখন পাশে দাঁড়াচ্ছেন, তখন এক অনন্য মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন নাগাল্যান্ডের এক যুবক। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দিতে দুই হাজার কিলোমিটারেরও বেশি দূর থেকে অনলাইনে পিজ্জা পাঠিয়েছেন তিনি।

নাগাল্যান্ডের বাসিন্দা জা-লহৌ নামের ওই যুবক ডমিনোজ থেকে ১৫০টি ‘চিজ বার্স্ট’ পিজ্জা অর্ডার করে সরাসরি যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন। এই বিশাল অর্ডারে তার মোট খরচ হয়েছে ৬৭ হাজার ৭৩৪ টাকা ১৮ রুপি, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৯৫ হাজার টাকা।

জা-লহৌ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানান, গত ২২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এই অনলাইন অর্ডারটি করেন। শিক্ষার্থীদের জন্য সাধারণ পিজ্জার পরিবর্তে তিনি বাড়তি চিজযুক্ত ‘কোরিয়ান সুইট চিলি চিজ বার্স্ট’ এবং ‘ফার্মহাউস চিজ বার্স্ট’ পিজ্জা বেছে নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পিজ্জা সরবরাহ ও বিলের ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই তার এই প্রশংসনীয় উদ্যোগের প্রশংসা করছেন।

দূরত্ব বাধা হতে পারেনি জা-লহৌর এই সংহতি প্রকাশের ক্ষেত্রে। নিজের পোস্টে তিনি লিখেছেন, নাগাল্যান্ডে বসে তিনি দেখছেন কীভাবে হাজারো শিক্ষার্থী যন্তর মন্তরে নিজেদের ভবিষ্যৎ ও একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থার দাবিতে লড়াই করছেন। সশরীরে সেখানে উপস্থিত থাকতে না পারার কারণেই দূর থেকে এই সামান্য উদ্যোগ নিয়েছেন তিনি।

অর্ডার দেওয়ার পর ডমিনোজের ডেলিভারি কর্মীর একটি প্রশ্নের উত্তরও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। খাবারগুলো কার কাছে হস্তান্তর করা হবে জানতে চাইলে জা-লহৌ ডেলিভারি কর্মীকে বলেন, ‘যে এখনো কিছু খায়নি, তার হাতেই দিয়ে দিন।’

তবে এই কাজের মাধ্যমে কোনো ব্যক্তিগত প্রশংসা কুড়াতে চান না জা-লহৌ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটি প্রচার করার উদ্দেশ্য হলো যাতে অন্যরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ হন। পিজ্জা পাঠানোর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য তিনি আরও প্রায় ৫ হাজার টাকার বিস্কুটও পাঠিয়েছেন বলে ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor