Facebook Twitter Instagram YouTube

শরীয়তপুরে হোটেলকক্ষ থেকে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার, টাকা দাবির অভিযোগ


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ণ / ০
শরীয়তপুরে হোটেলকক্ষ থেকে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার, টাকা দাবির অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ থানা ব্রিজসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকেই হোটেল মালিক আতাউর রহমান হোসেন পলাতক রয়েছেন। নিহত আবুল বাশার তালুকদার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মৃত জোনাব আলী তালুকদারের ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার ৮২ নং খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর রোববার সকালে বাশার নিজ বাড়ি থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাশারের ভাগনে কবির হোসেন জানান, রোববার থেকে তিনি তার বন্ধুর বাড়িতে আছেন বলে জানিয়েছিলেন। কিন্তু সোমবার তার মোবাইল থেকেই অন্য কেউ ফোন করে চিকিৎসার কথা বলে দুই দফায় টাকা দাবি করে। ওই সময় টাকা না দিলে মরদেহ খুঁজে পাওয়া যাবে না বলে হুমকিও দেওয়া হয়। এমনকি বাশারের শুয়ে থাকা একটি ছবিও তার স্ত্রীর ফোনে পাঠানো হয়েছিল। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়।

বাশারের স্ত্রী ও পরিবারের লোকজন বিষয়টি নিয়ে গাজীপুরের স্থানীয় থানায় অভিযোগ করলে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান ভেদরগঞ্জে শনাক্ত করা হয়। বিষয়টি ভেদরগঞ্জ থানাকে অবহিত করার পর পুলিশ হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে। বাশারের ভাগনে কবির হোসেন তার মামার মৃত্যুর ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি করেছেন।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঢাকা আবাসিক হোটেল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহটি ক্রাইম সিনের তদন্ত টিম পরীক্ষা-নিরীক্ষা করবে এবং এরপর আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং টাকা দাবির সঙ্গে জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy