
ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের যাত্রাপথে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে শ্রীমঙ্গলের হবিগঞ্জ প্রবেশদ্বারে চা কন্যা সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে ওই এলাকায় ব্যারিকেড স্থাপন করা হয়েছিল। এনসিপি নেতাকর্মীদের হবিগঞ্জের দিকে যাওয়ার পথে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নেতাকর্মীদের তোপের মুখে পুলিশি ব্যারিকেড ভেঙে তারা হবিগঞ্জ শহরের দিকে রওনা হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার বিকেল ৩টার দিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, আগের দিন হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে একই রাতে এনসিপি ও ছাত্রদল পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। যার প্রেক্ষিতে প্রশাসন হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে।
আপনার মতামত লিখুন :