Facebook Twitter Instagram YouTube

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের ম্যারাথন


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ /
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের ম্যারাথন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ‘জুলাই ম্যারাথন ও অদম্য জুলাই-২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে শহরের ডালপট্টি এলাকা থেকে ম্যারাথনটি শুরু হয়। ম্যারাথনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

ম্যারাথন শেষে চৌরঙ্গী মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি সেলিমুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি সোহাগ ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি আহমাদ রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম শাকিল বলেন, সরকার নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তা নিয়ে টালবাহানা শুরু করেছে। তিনি অভিযোগ করেন, সরকার এই ঐতিহাসিক সনদ বাস্তবায়নকে অস্বীকার করার চেষ্টা করছে। রেজাউল করিম শাকিল হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy