Facebook Twitter Instagram YouTube

নতুন রাষ্ট্রপতি পদের দৌড়ে বিএনপির চার জ্যেষ্ঠ নেতা


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ /
নতুন রাষ্ট্রপতি পদের দৌড়ে বিএনপির চার জ্যেষ্ঠ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের প্রেক্ষাপটে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ পদে বিএনপির চার জ্যেষ্ঠ নেতার নাম নিয়ে জোর আলোচনা চলছে।

আলোচনায় থাকা বিএনপির চার নেতা হলেন—দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তাদের নাম সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনেই এই নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন রাষ্ট্রপতি পরবর্তী জাতীয় নির্বাচনের সময়ও দায়িত্বে থাকবেন, তাই বিষয়টি সরকার ও বিএনপি উভয় পক্ষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দল ও দলের বাইরে অনেকের মতে, তিনি রাষ্ট্রপতি পদের জন্য অন্যতম সম্ভাব্য প্রার্থী হলেও, এ বিষয়ে তার ব্যক্তিগত অবস্থান এখনো জানা যায়নি।

বিএনপির চার নেতার পাশাপাশি একজন সাবেক প্রধান বিচারপতি এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন আমলার নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলের স্থায়ী কমিটির বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din