
এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় আঞ্চলিক ব্যাংক হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল), বাংলাদেশ তাদের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে জনাব আলমগীর মোরশেদের নাম ঘোষণা করেছে। গত ১৬ জুলাই ২০২৬ তারিখ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্বভার গ্রহণ করেছেন।
ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে জনাব মোরশেদের। কমার্শিয়াল ব্যাংকিং, ফিন্যান্সিয়াল মার্কেটস, ট্রেজারি এবং উন্নয়ন অর্থায়নসহ ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার বহুমুখী দক্ষতা ও নেতৃত্বের সুনাম রয়েছে। এইচবিএল বাংলাদেশ কর্তৃপক্ষের মতে, তার দীর্ঘ অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।
এইচবিএল বাংলাদেশে যোগদানের পূর্বে জনাব মোরশেদ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে দীর্ঘ ২৬ বছরেরও বেশি সময় কর্মরত ছিলেন। সেখানে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বিভাগের প্রধান, কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের প্রধান এবং ফিন্যান্সিয়াল মার্কেটস বিভাগের প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
শিক্ষাজীবনে জনাব আলমগীর মোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইনসিড (INSEAD)-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নিয়ে তার নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছেন।
এইচবিএল বাংলাদেশ পরিবার জনাব মোরশেদকে স্বাগত জানিয়ে জানিয়েছে, তার দূরদর্শী নেতৃত্ব ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং বাংলাদেশের ব্যাংকিং খাতে এইচবিএলের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ব্যাংকটি তার নেতৃত্বে সেবার উৎকর্ষ বৃদ্ধি এবং গ্রাহক, কর্মী ও নিয়ন্ত্রক সংস্থার জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করার প্রত্যাশা করছে।
আপনার মতামত লিখুন :