Facebook Twitter Instagram YouTube

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ /
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

ভারতে পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে চলমান ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির দপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

দিল্লির যন্তর-মন্তরে প্রশ্নফাঁসের প্রতিবাদে টানা ৩৫ দিন ধরে আন্দোলন চলছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ দিপকে। তার প্রতিষ্ঠিত সংগঠনের মূল দাবিই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সময় ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, পরিস্থিতিকে যেন কোনো ‘দেশবিরোধী শক্তি’ নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, গত চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারে কাজ করে আসছেন। তার মতে, একটি শক্তিশালী ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতি গঠনের মূল ভিত্তি।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টা পরই আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, কেন্দ্র সরকার তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়ায় তারা ‘সদিচ্ছার ভিত্তিতে’ আন্দোলন স্থগিত করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin