Facebook Twitter Instagram YouTube

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত ওরাংওটাং-প্রেমী সেই বানরছানা পাঞ্চ


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ /
জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত ওরাংওটাং-প্রেমী সেই বানরছানা পাঞ্চ

খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরে নিজের মাকে খুঁজে ফেরা সেই ছোট্ট বানর ছানা ‘পাঞ্চ’ এখন এক বছর পূর্ণ করেছে। জাপানের চিবা অঞ্চলের ইচিকাওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে বেড়ে ওঠা এই ম্যাকাক প্রজাতির বানরটির প্রথম জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের কয়েক হাজার মানুষ তাকে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে ভালোবাসায় সিক্ত করেছেন।

জন্মের পরপরই মা পরিত্যক্ত এই বানরছানাটিকে নিয়ে গত বছর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। মা অসুস্থ বাচ্চাটিকে ছেড়ে চলে গেলে চিড়িয়াখানার কর্মীরাই পাঞ্চের দেখভালের দায়িত্ব নেন। বানরছানাদের স্বাভাবিক স্বভাব বজায় রাখতে এবং তাকে মানসিকভাবে সুস্থ রাখতে চিড়িয়াখানার কর্মীরা পাঞ্চের হাতে একটি খেলনা ওরাংওটাং তুলে দিয়েছিলেন। সেই পুতুলটি আঁকড়ে ধরে পাঞ্চের বেঁচে থাকার লড়াই ইন্টারনেটে কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

তবে আজকের পাঞ্চ আর আগের সেই পুতুলপ্রেমী ছোট্ট ছানাটি নেই। এখন সে চিড়িয়াখানায় প্রায় অর্ধশত বানরের দলের সঙ্গে বেশ আনন্দে সময় কাটাচ্ছে। দলের অন্য বানরদের থেকে তাকে এখন আলাদা করাই কঠিন। বয়সের সঙ্গে সঙ্গে পাঞ্চ পুতুলটির মায়া কাটিয়ে উঠলেও তার ভক্তদের মনে তার জায়গা এতটুকুও কমেনি।

পাঞ্চের প্রথম জন্মদিন উপলক্ষে জাপান ও জাপানের বাইরে থেকে প্রায় আড়াই হাজার শুভেচ্ছা কার্ড চিড়িয়াখানায় এসেছে। চিড়িয়াখানার জন্মদিনের বিশেষ প্রদর্শনীতে এই কার্ডগুলো দিয়ে দেয়াল সাজানো হয়েছে। চিড়িয়াখানার প্রধান তাকাশি ইয়াসুনাগা বলেন, পাঞ্চ যখন বেঁচে থাকার সংগ্রাম করছিল, তখন তাদের দুই কর্মী তাকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। সেই কঠিন দিনগুলো পেরিয়ে আজ পাঞ্চের এত ভালোবাসা পাওয়া সত্যিই দারুণ আনন্দের।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo