
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে সাঁজোয়া যান বা এপিসি থেকে ফেলে দিয়ে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত শেষে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রসিকিউশন এই অভিযোগপত্র দাখিল করে। এতে আসামিদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এখন ট্রাইব্যুনাল অভিযোগপত্রের ওপর শুনানি গ্রহণ করবে এবং অভিযোগ আমলে নেওয়া ও আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবে।
মামলায় অভিযুক্ত ১৯ জনের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাবেক এমপি সাইফুল ইসলাম, আব্দুল্লাহিল কাফি, সৈয়দ নূরুল ইসলাম, আসাদুজ্জামান (রিপন), সাহিদুল ইসলাম, মো. শাহ জামান, এ এফ এম সায়েদ রনি, মো. আলী এবং সোহেল মিয়া।
উল্লেখ্য যে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে সংঘটিত এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় আসহাবুল ইয়ামিনকে একটি সাঁজোয়া যানে তুলে নেওয়া হয় এবং পরে চলন্ত সেই এপিসি থেকে তাকে ফেলে দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ঘটনাটি তদন্ত করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই বর্তমানে ১৯ জনের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো।
আপনার মতামত লিখুন :