Facebook Twitter Instagram YouTube

সেনাসদর নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ /
সেনাসদর নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য মূল্যায়নের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। এ ক্ষেত্রে ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো বিবেচনার সুযোগ নেই। যোগ্য কর্মকর্তাদের মূল্যায়নের জন্য তাদের পেশাগত সক্ষমতা, সততা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, বিশ্বস্ততা, আনুগত্য ও সামগ্রিক কর্মদক্ষতাকে প্রাধান্য দিতে তিনি নির্বাচনি পর্ষদের সদস্যদের প্রতি আহ্বান জানান।

বক্তব্যে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো এবং আহত হওয়া সেনাসদস্যদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশের প্রয়োজনে এই গৌরবময় অবদানের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী সেনা সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান তার ব্যস্ত সময়ের মধ্যেও উপস্থিত হয়ে পর্ষদ উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিপিবদ্ধ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor