Facebook Twitter Instagram YouTube

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জ শুনানি আজ


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ /
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জ শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৫ জুন আসামিরা আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারক চার্জ গঠন শুনানি পিছিয়ে দিয়েছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে। এছাড়া আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক তুহিন, রহমান মিয়া, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূঁইয়া, পারভেজ, সুমন মিয়া, মিলন হোসেন, সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি এবং নাইমুল হাসান রাসেলও আসামির তালিকায় রয়েছেন।

বর্তমানে আসামিদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন এবং শাহজাহান খানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তারা কারাগারে রয়েছেন।

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০: ৪৩আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০: ৪৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh