Facebook Twitter Instagram YouTube

বিভ্রান্তি না ছড়িয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ /
বিভ্রান্তি না ছড়িয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা সংসদে উপস্থাপন করা হবে। রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি কিছু মহলের বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টার সমালোচনা করে বলেন, বিএনপির পক্ষ থেকে পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে। তিনি বলেন, আপনাদের কোনো পরিকল্পনা থাকলে জনগণের কাছে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না। স্বাধীনতার পঞ্চাশ বছরে এখন সময় দেশ গড়ার ও জনগণের জন্য কাজ করার।

প্রধানমন্ত্রী জানান, বিগত স্বৈরাচার আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির স্বার্থে ব্যবহার করা হয়েছিল। এখন সেই ব্যবস্থাকে পরিকল্পিতভাবে সাজাতে সময় প্রয়োজন, যে কাজে সরকার ইতিমধ্যে হাত দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং যানবাহনের জন্য গ্যাসের ব্যবস্থা করা হবে। আনোয়ারা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে চীনকে একটি বড় জায়গা দেওয়া হয়েছে, যেখানে কয়েকশ মিল-কারখানা গড়ে উঠবে। এতে চট্টগ্রামের মানুষের কর্মসংস্থান হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মধ্যে বাঁশখালী উপজেলায় ১০ থেকে ১২ হাজার পরিবার অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া কৃষক কার্ডের আওতায় ধান, পাট ও শাকসবজি চাষিদের পাশাপাশি লবণচাষিদেরও অন্তর্ভুক্ত করা হবে। লবণের ন্যায্যমূল্য নির্ধারণের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন। সমাবেশে তিনি বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।

এ সময় আরও বক্তব্য রাখেন অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৩ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনের এমপি মো. জসিম উদ্দিন, আনোয়ারার এমপি সাওয়াব জামান নিজাম, বান্দরবনের এমপি সাচিং প্রু জেরি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খালিল, এপিপি নাসির উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ প্রমুখ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor