
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার সকালে হাসপাতালটি পরিদর্শনের সময় জলাতঙ্কের টিকা (র্যাবিস ভ্যাকসিন) না পাওয়ায় তিনি অসন্তোষ জানান। এ সময় দায়িত্ব অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ প্রদান করেন তিনি।
তবে পরিদর্শনের দিন দুপুরেই সেই সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর সেখানকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সিভিল সার্জনকে বদলির নির্দেশ প্রত্যাহারের কথা জানান।
এ সময় দেশের স্বাস্থ্য খাত নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের অনেক সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি থেকে দেশকে উন্নত করা কঠিন হলেও সরকার স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছে। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে জন্মহার কমানোর লক্ষ্যে পরিবার পরিকল্পনার সরঞ্জাম সহজলভ্য করার জন্য ব্যাপক ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচরের ইউএনও অমিত রায় এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম উপস্থিত ছিলেন। এছাড়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি এবং জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :