
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ও বৃত্তি প্রদানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে কামারখন্দ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। পুরো কার্যক্রমটি বাস্তবায়নে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বিশেষ সহযোগিতা প্রদান করেন।
কামারখন্দ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ। শিশুদের মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, যদি এসব ডিভাইস ব্যবহার করতেই হয়, তবে তা যেন ভালো কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এছাড়া ছোটবেলা থেকেই শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং পরিবেশ রক্ষায় তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ আরও বলেন, কামারখন্দকে শান্তি ও শৃঙ্খলার মাধ্যমে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, একটি নিরাপদ ও উন্নয়নশীল দেশ গড়তে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য মানবসম্পদে পরিণত করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল প্রতিশ্রুতি যেন যথাযথভাবে পালন করা হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :