Facebook Twitter Instagram YouTube

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ /
শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যেসব আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে শিশু-কিশোরদের জানানো অত্যন্ত জরুরি। তবে এখন পর্যন্ত তাদের উপযোগী পর্যাপ্ত বই, লেখা বা চলচ্চিত্র তৈরি হয়নি।

প্রকাশনা সংস্থা 'দশমিক'-এর আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশের প্রকৃত ইতিহাস এবং স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিদের অবদান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছে। এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানে মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিদেশে বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোরদের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস ও ত্যাগী নেতাদের অবদান সম্পর্কে তাদের জানাতে এ ধরনের বই ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করা প্রয়োজন।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে ইয়াসের খান চৌধুরী বলেন, তার স্বাধীনতার ঘোষণা এবং 'আই রিভোল্ট' না থাকলে হয়তো বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো না। একই সঙ্গে তিনি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অবদানের কথা উল্লেখ করে বলেন, এসব ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে না ধরলে তা হারিয়ে যেতে পারে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার অর্জিত হয়েছে। এই অর্জন ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি দেশে যাতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান।

প্রকাশনা সংস্থা 'দশমিক'-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এস এম জিলানী, কে এম বাবর এবং মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার টপি, সাংবাদিক এহসান মাহমুদ, লেখক কালাম ফারায়েজি, সাংবাদিক ও লেখক সাবরিনা শুভ্রা, কবি মিন্টু হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও তৌহিদুর রহমান আওয়াল বক্তব্য রাখেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin