
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র জনগণের বড় সম্পদ এবং এই সমুদ্রসংলগ্ন এলাকায় কারখানা নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের বেকারত্বের সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
অনুষ্ঠানে লবণ চাষিদের কল্যাণে দ্রুত লবণের মূল্য নির্ধারণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, কেউ যাতে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সফরের অংশ হিসেবে বিকেলে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন তিনি। এরপর হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি শেষে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় সোয়া ৭টায় তার চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী সফর।
আপনার মতামত লিখুন :