Facebook Twitter Instagram YouTube

ড্রোন হামলা ঠেকাতে পুলিশের অভিনব মাছ ধরার জাল


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ / ০
ড্রোন হামলা ঠেকাতে পুলিশের অভিনব মাছ ধরার জাল

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন ও কোয়াডকপ্টার হামলা মোকাবিলায় পুলিশ এক অভিনব ও সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ করেছে। প্রদেশটির বিভিন্ন পুলিশ চেকপোস্টের ওপর কয়েক মিটার উচ্চতায় মাছ ধরার জাল টানিয়ে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দড়ি ও তার দিয়ে জোড়া দেওয়া এই জালগুলো দেখতে আকাশের ওপর তৈরি ছাদের মতো।

এই উদ্যোগের নেপথ্যে রয়েছে হাঙ্গু জেলার সারকি পিয়ালা পুলিশ চেকপোস্টে গত ১৬ এপ্রিল টিটিপি বা পাকিস্তান তালেবানের চালানো ভয়াবহ হামলা। ওই হামলায় বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহারের পাশাপাশি চেকপোস্টের চারদিক থেকে গুলি চালানো হয়। প্রায় সাত ঘণ্টা স্থায়ী সেই সংঘর্ষে একটি সাঁজোয়া যানের চালক নিহত এবং এক পুলিশ সদস্য আহত হন। পুলিশ পরিদর্শক ফাইয়াজ খান জানান, সেই সময় তারা চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রায় দুই মাস আগে সেখানে এই জাল বসানোর পর থেকে সারকি পিয়ালা চেকপোস্টে আর কোনো ড্রোন হামলার ঘটনা ঘটেনি। ফাইয়াজ খান বলেন, কোনো ড্রোন চেকপোস্টের ওপর দিয়ে এলে তা জালে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ড্রোনটিকে নিষ্ক্রিয় করতে সাহায্য করতে পারে। এমনকি ড্রোনটি ওপরেই বিস্ফোরিত হলেও জালের কারণে ধ্বংসাবশেষ সরাসরি পুলিশ সদস্যদের ওপর পড়ার ঝুঁকি কমে যায়।

হাঙ্গু জেলার পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানান, প্রতিটি চেকপোস্টে জাল বসাতে প্রায় ৪ লাখ পাকিস্তানি রুপি বা প্রায় ১ হাজার ৪৩৫ ডলার খরচ হয়। বর্তমানে হাঙ্গুর পাশাপাশি কোহাট, কারাক, বান্নু, লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খানসহ অন্তত ছয়টি ঝুঁকিপূর্ণ জেলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাদেশিক সরকারের কাছে এই কর্মসূচি সম্প্রসারণের জন্য অতিরিক্ত অর্থ চেয়ে আবেদন করা হয়েছে, যা বর্তমানে পর্যালোচনাধীন।

তবে এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে মতভেদ রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞ ইমতিয়াজ গুলের মতে, এটি পুলিশের মধ্যে নিরাপত্তার ভুল ধারণা তৈরি করতে পারে। পেশোয়ারভিত্তিক বিশ্লেষক ফিদা আদিল উল্লেখ করেন যে, ইউক্রেনেও রুশ ড্রোন ঠেকাতে একই ধরনের জাল ব্যবহৃত হচ্ছে, তবে এর কার্যকারিতা জালের নকশা ও স্থাপনের ওপর নির্ভর করে। পুলিশের মুখপাত্র আবদুস সালাম খালিদ দাবি করেছেন, কোহাটে পরীক্ষার সময় বিস্ফোরকবাহী ড্রোন জালের ওপর পড়লেও সেটি বিস্ফোরিত হয়নি।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে পুলিশ ও সামরিক বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলা বেড়েছে। হাঙ্গুতে গত ২৯ জুলাই এক কোয়াডকপ্টার হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হন। ২০ সেপ্টেম্বর আরেকটি বন্দুকযুদ্ধে ছয় সেনা ও আট হামলাকারী নিহত হয়। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাঙ্গুতে অন্তত ১৬টি হামলার ঘটনা ঘটেছে। পরিদর্শক ফাইয়াজ খান স্বীকার করেছেন যে, এই জাল পূর্ণ নিরাপত্তা না দিলেও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মধ্যে কিছুটা নিরাপত্তার অনুভূতি তৈরি করছে।

এতে অন্তত ১১ পুলিশ সদস্য নিহত ও ২৮ জন আহত হন।

কয়েক ঘণ্টার সংঘর্ষে ১৫ হামলাকারীও নিহত হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy