
দীর্ঘ ৩৫ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদে ভোট গণনা সম্পন্ন হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অর্থাৎ, ১৬৭ ভোটের ব্যবধানে অলি আহমদকে পরাজিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন। ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।
সংসদের অধিকাংশ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও ছয়জন সংসদ সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন। তাদের মধ্যে পাঁচজন অধিবেশনে উপস্থিত ছিলেন না। তারা হলেন ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা, সাতক্ষীরা-৪ আসনের গাজী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক এবং চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দলীয় সিদ্ধান্তের কারণে ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
আপনার মতামত লিখুন :