Facebook Twitter Instagram YouTube

তিন প্রতিবন্ধীকে সরাসরি নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ / ০
তিন প্রতিবন্ধীকে সরাসরি নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বাবলম্বী ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তিনজনকে সরাসরি নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি এই নিয়োগপত্রগুলো তুলে দেন। নিয়োগপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দিনটি তাদের কর্মজীবনের নতুন স্বপ্নের সূচনা হিসেবে চিহ্নিত হয়।

নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী। শারীরিক প্রতিবন্ধী নীলা খাতুন জন্ম থেকেই দুই হাতহীন, তবে তিনি পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে শারীরিক প্রতিবন্ধী আয়শা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। হাত না থাকায় তিনি মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন এবং তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন। নিয়োগপত্র প্রদানের পরপরই বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিশেষ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy