
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টার দিকে তার গাড়িবহর বরিশালের প্রবেশপথ গৌরনদীতে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এ সময় বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
গৌরনদীতে পৌঁছানোর পর সড়কের দুপাশে অবস্থান নেওয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের বুলেটপ্রুফ বাস থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, তার ছবি সম্বলিত কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন নির্মাণ করা হয়নি।
এর আগে সোমবার ভোর ৬টায় গুলশানের বাসা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সফর শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। এরপর দুপুরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আপনার মতামত লিখুন :