Facebook Twitter Instagram YouTube

লটারির মাধ্যমে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ /
লটারির মাধ্যমে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের তদারকি ও সমন্বয়ে আয়োজিত এই লটারির মাধ্যমে প্রকৌশলীদের দেশের আটটি বিভাগে পদায়ন করা হয়। লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগে ৩১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, রংপুর বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৯ জন উপ-সহকারী প্রকৌশলীকে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রকৌশলীদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় পদায়ন করা হয়েছে।

লটারিভিত্তিক এই বদলি প্রক্রিয়া সম্পর্কে অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, এ ধরনের উদ্যোগের ফলে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি আধুনিক, কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো, যা কাজের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জানান, প্রকৌশলীদের মধ্যে সমতা ও আস্থা প্রতিষ্ঠায় এই লটারিভিত্তিক বদলি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh