Facebook Twitter Instagram YouTube

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাতীয় ঐকমত্যের আহ্বান আইনমন্ত্রীর


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ /
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাতীয় ঐকমত্যের আহ্বান আইনমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং জাতীয় পর্যায়ে ঐকমত্য গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নীতি গবেষণাকেন্দ্রের আয়োজনে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটকে কেবল নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিচার করার সুযোগ নেই। এই সমস্যার সঙ্গে মানবিক, সামাজিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক আইনের বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। নিজ দেশে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক ও মৌলিক অধিকার নিশ্চিত করা বাংলাদেশের দায়িত্বের অংশ। তিনি জানান, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে।

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ ও কার্যকর সহযোগিতা প্রয়োজন। তিনি বাংলাদেশের সংবিধানের ২১ ও ২৫ অনুচ্ছেদের আলোকে নাগরিকদের কর্তব্য এবং আন্তর্জাতিক শান্তি ও রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংকট মোকাবিলার ওপর জোর দেন।

পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে অপরাধপ্রবণতা ও অন্যান্য নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করার নির্দেশ দেন তিনি। আসাদুজ্জামান বলেন, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি দেশের জনগণের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তুলতে হবে। এ বিষয়ে বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজ এবং গণমাধ্যমকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করা এবং তাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই বাংলাদেশের প্রত্যাশা বলে তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy