
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে রাসায়নিক সার বিক্রি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। দেশের সব জেলা ইউনিটের ডিলারদের এই বিষয়ে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। নীতিমালা অমান্য করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বা ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে ডিলারদের প্রতি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়া, সার উত্তোলন এবং নিজস্ব গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সার আসার সাথে সাথে তা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করতে হবে। পাশাপাশি সার বিক্রির সঠিক রেজিস্টার বা হিসাব সংরক্ষণ করা এবং অতিরিক্ত মূল্যে বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিলারদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কুচক্রী মহল যাতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করে তার দায় ডিলারদের ওপর চাপাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই পরিস্থিতি এড়াতে স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার জন্য ডিলারদের পরামর্শ দিয়েছে বিএফএ।
আপনার মতামত লিখুন :