
বাংলাদেশ নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম, গছক, এনডিসি, পিএসসি ভাইস অ্যাডমিরাল পদ থেকে অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। আজ রোববার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁকে নতুন এই র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যৌথভাবে নৌপ্রধানকে এই নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নতুন পদোন্নতি পাওয়ার জন্য নৌবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদোন্নতি প্রদান অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা সচিব এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি তিন বছরের জন্য নৌপ্রধানের দায়িত্ব পালন করবেন। তাঁর এই কার্যকাল ২০২৯ সালের ২২ জুলাই সমাপ্ত হবে।
আপনার মতামত লিখুন :