আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ২০২৭ সালের আসরের আগে দলটির প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড। গত সপ্তাহে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সম্পর্কচ্ছেদের পরই পোলার্ডকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়।
২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই পোলার্ডের সঙ্গে দলটির দীর্ঘদিনের সম্পর্ক। খেলোয়াড় হিসেবে তিনি ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে দলকে পাঁচবার আইপিএল শিরোপা এনে দিয়েছেন। এছাড়া ২০১১ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়েরও অংশ ছিলেন তিনি। আইপিএলে ১৮৯ ম্যাচ খেলে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান করার পাশাপাশি ৬৯টি উইকেট শিকার করেছেন এই তারকা।
২০২৩ সালের আসরের আগে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর গত চার মৌসুম ধরে মুম্বাইয়ের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন পোলার্ড। এখন সেই অভিজ্ঞতা ও দলের প্রতি দায়বদ্ধতাকে পুঁজি করে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। পোলার্ড বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়াটা তার জন্য দারুণ সম্মানের। খেলোয়াড় ও কোচ হিসেবে নীল-সোনালি জার্সি গায়ে জড়ানোর দায়িত্ব কতটা বড়, তা তিনি ভালোভাবেই বুঝতে পারেন। তিনি খেলোয়াড় ও সহায়ক স্টাফদের সঙ্গে কাজ করে দলের ঐতিহ্য সমৃদ্ধ করার পাশাপাশি ভক্তদের জন্য উদযাপনের মুহূর্ত তৈরি করতে চান।
দলের কর্ণধার নীতা আম্বানি পোলার্ডের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, মুম্বাইয়ের জার্সি গায়ে চড়ানোর অর্থ কী তা পোলার্ড ভালোভাবেই জানে। নতুন দায়িত্বেও সে একই প্রতিশ্রুতি, বিশ্বাস ও দৃঢ়তা বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :