
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, যাত্রাবাড়ী (সায়েদাবাদ) বাস টার্মিনালটি কাঁচপুরে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এই প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়ন করা হবে। পুরো প্রক্রিয়াটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সম্পন্ন করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে এই টার্মিনালটি ব্যবহারের উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালের শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
প্রকল্পের আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস স্থাপন করা হবে। এছাড়া শেডের ছাদের জন্য ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট স্থাপন, ১২০টি টিকিট কাউন্টার নির্মাণ, ৩২টি টয়লেট নির্মাণ এবং টিকিট কাউন্টারসহ চারপাশে পার্টিশন ও অন্যান্য আনুষঙ্গিক স্থাপনা তৈরি করা হবে।
আপনার মতামত লিখুন :