
সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের রেসিডেন্সি ভিসা হঠাৎ বাতিল হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। ছুটির কারণে বা অন্য কোনো প্রয়োজনে আমিরাতের বাইরে থাকা অনেক বাংলাদেশির ভিসা কোনো কারণ ছাড়াই বাতিল হয়ে যাওয়ার বিষয়টি দূতাবাস কর্তৃপক্ষের নজরে এসেছে।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। এটি কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটছে নাকি কোনো বিশেষ প্রশাসনিক সিদ্ধান্তের অংশ, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। সঠিক তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মিশন।
দূতাবাস সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অবগত রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সাথে সমন্বয় করে প্রবাসীদের বিষয়টি অবহিত করা হবে।
এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে দূতাবাস। একইসাথে গুজবে কান না দিয়ে দেশ ও আমিরাতের প্রচলিত আইন-কানুন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। মিশন কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, যেকোনো পরিস্থিতিতে তারা প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে।
আপনার মতামত লিখুন :