
ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির বার্তা পাঠানোর ঘটনায় বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু খায়ের রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চীন ও রাশিয়া দূতাবাসকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। কূটনৈতিক নিয়ম অনুযায়ী, দূতাবাসগুলো বিষয়টি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানো হলে তাৎক্ষণিকভাবে কূটনৈতিক পাড়ায় নজরদারি ও মনিটরিং বাড়ানো হয়।
হুমকির উৎস সম্পর্কে আবু খায়ের বলেন, বিষয়টি নিয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি কোনো ভুয়া ই-মেইল বা স্ক্যাম হতে পারে।
সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক জানিয়েছেন, ঘটনা জানার পর তাদের অফিসাররা দূতাবাসগুলো পরিদর্শন করেছেন এবং বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এর আগে গত সপ্তাহে চীন ও রাশিয়াসহ ঢাকার একাধিক দূতাবাসে ইমেইল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে আজ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :