Facebook Twitter Instagram YouTube

প্রদর্শনী পেরিয়ে এবার বাস্তব কর্মক্ষেত্রে নামছে হিউম্যানয়েড রোবট


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ /
প্রদর্শনী পেরিয়ে এবার বাস্তব কর্মক্ষেত্রে নামছে হিউম্যানয়েড রোবট

চীনের হিউম্যানয়েড রোবট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এখন কেবল প্রদর্শনী বা বিনোদনের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব কর্মক্ষেত্রে এসব যন্ত্রমানবকে ব্যবহারের ওপর বিশেষ জোর দিচ্ছে। বেইজিংয়ে চলমান ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে পণ্য বাছাই, মোবাইল ফোন প্যাকেটজাতকরণ, কারখানার অ্যাসেম্বলি লাইন এবং গৃহস্থালি কাজের মতো জটিল ক্ষেত্রে রোবটের দক্ষতা ও সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের মধ্যে আয়োজিত এই সম্মেলনে ৩০০টিরও বেশি চীনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে ২ হাজারের বেশি রোবট ও প্রযুক্তিপণ্য প্রদর্শিত হচ্ছে এবং ১৫০টিরও বেশি নতুন পণ্য উন্মোচন করা হয়েছে।

এই খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের প্রমাণ মিলেছে চীনের সুপরিচিত হিউম্যানয়েড নির্মাতা প্রতিষ্ঠান 'ইউনিট্রি'-এর মাধ্যমে। সাংহাই শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। খুচরা বিনিয়োগকারীদের মধ্যে এর আইপিও ৮ হাজার গুণেরও বেশি সাবস্ক্রাইব হয়েছিল। একই সময়ে লুমোস রোবোটিক্স এবং গাড়ি নির্মাতা চেরি-এর রোবোটিক্স বিভাগও ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে।

এবারের সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের রোবটের বাস্তবমুখী ব্যবহার নজর কেড়েছে। সম্মেলনে Leju-এর রোবটকে বাক্স ও ছোট পণ্য সরানো এবং বাছাই করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনের গাড়ি কারখানা ও ইউরোপের কয়েকটি কারখানায় তাদের রোবট ইতিমধ্যে উপকরণ পরিবহনের কাজ করছে। অন্যদিকে, Robotera-এর একটি রোবট পার্সেল বাছাইয়ের কাজ প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, গত বছর থেকেই 'চায়না পোস্ট'-এর বিভিন্ন লজিস্টিকস কেন্দ্রে তাদের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এবং বর্তমানে দেশজুড়ে ১৫টি গুদামে ১০০টির বেশি পার্সেল-সোর্টিং রোবট কর্মরত রয়েছে।

এছাড়া 'DexForce' দেখিয়েছে কীভাবে তাদের হিউম্যানয়েড রোবট নিখুঁতভাবে মোবাইল ফোন বাক্সে প্যাক করছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা নিকোল ইয়াং জানান, চলতি বছরের শুরু থেকেই চীনের 'Lens Technology' কারখানায় এই রোবটগুলো ব্যবহার করা হচ্ছে, যা মিলিমিটার-স্তরের নির্ভুলতায় কাজ করার পাশাপাশি নিজে থেকেই ভুল শনাক্ত ও সংশোধন করতে পারে। শুধু শিল্পক্ষেত্রেই নয়, গৃহস্থালি কাজেও রোবটের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। 'X Square Robot' নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে শত শত বাড়িতে পরীক্ষামূলকভাবে তাদের রোবট ব্যবহার করছে এবং আগামী বছর থেকে এগুলো বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী শিন গুওবিন বলেন, রোবটিক্স প্রযুক্তি ইতিমধ্যে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সম্মেলনে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার জ্যেষ্ঠ নির্বাহী ম্যাডিসন হুয়াংয়ের আকস্মিক উপস্থিতি প্রযুক্তি খাতের নজর কেড়েছে। তিনি বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি রোবটের সেন্সর প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সাথে যুক্তরাষ্ট্রের RealSense-ও চীনা বাজারকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh