
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে যুবলীগ নেত্রী নাজমুন নাহার স্বপ্নার (৩৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দোয়াভাঙ্গা এলাকায় অবস্থিত নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাজমুন নাহার স্বপ্নার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাংলাইস গ্রামে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই মোতালেব হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চার দিন আগে স্বপ্না নিউ লাইফ হাসপাতাল ভবনের ওই ভবনে দুই কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া নিয়েছিলেন। সোমবার সকাল আনুমানিক আটটার দিকে তার শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পারিবারিক সূত্র ও স্বজনদের তথ্যানুযায়ী, স্বপ্না এর আগে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার প্রথম স্বামী ওমর ফারুক শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামের বাসিন্দা, যার সঙ্গে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের যুবলীগ নেতা মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন, তবে সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়। সবশেষ কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল বলে জানা গেছে।
কর্মজীবনে তিনি খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আপনার মতামত লিখুন :