Facebook Twitter Instagram YouTube

অপরাধ দমনে দলীয় পরিচয় নয়, আইনের শাসনই প্রধান: শামা ওবায়েদ


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৭:২০ পূর্বাহ্ণ / ০
অপরাধ দমনে দলীয় পরিচয় নয়, আইনের শাসনই প্রধান: শামা ওবায়েদ

মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনের লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সভায় শামা ওবায়েদ ইসলাম অপরাধ দমনে দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমার সঙ্গে ঘনিষ্ঠতা আছে কিংবা আমার মঞ্চে বসেছেন—এ কারণে কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এমনটি ভাবলে ভুল করবেন। আইনের দৃষ্টিতে সবাই সমান।" তিনি আরও উল্লেখ করেন যে, জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব জনগণের পাশে থেকে সেবা নিশ্চিত করা।

প্রতিমন্ত্রী মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো বিষয়গুলোকে কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হিসেবে না দেখে এগুলোকে সমাজ ও পরিবারের জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, "এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।" তরুণ প্রজন্মকে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

নগরকান্দা ও সালথার বাসিন্দাদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, "যাদের বাড়িতে সংঘর্ষে ব্যবহৃত ঢাল, সড়কি বা দেশীয় অস্ত্র রয়েছে, তারা যেন স্বেচ্ছায় থানায় জমা দেন।" বাল্যবিবাহ ও আত্মহত্যা রোধে পরিবারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি জমিজমা সংক্রান্ত বিরোধ বা স্থানীয় সংঘাত সহিংসতা বা আদালতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সংসদে কঠোর আইন পাস হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে হলে এসব অপরাধ থেকে দূরে থাকতে হবে। নির্যাতিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও পুলিশের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, "সমাজে কেউ শোষণ বা নির্যাতনের শিকার হলে ন্যায়বিচার পাওয়ার অধিকার তার রয়েছে। এজন্য থানায় এসে অভিযোগ করতে হবে। থানা-পুলিশ সকল মানুষের জন্য।"

সভায় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মীয়াজী, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin