
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলমুক্ত করার লক্ষ্যে দুই দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হয়েছে। নিজেরা করি সংস্থার সহযোগিতায় স্থানীয় ভূমিহীন সংগঠন এই আয়োজনের উদ্যোগ নেয়।
কর্মসূচির প্রথম দিন গতকাল সকালে ফুলজোড় নদীতীরবর্তী কুটিরচর গ্রামে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। একই দিন দুপুরে ধানগড়া পূর্বপাড়া এবং সন্ধ্যায় গ্রামসোনাই এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন সকালে রয়হাটি গ্রামে প্রথম পর্বের কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং বিকেলে ঘুরকা পুরান বাজারে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
দুই দিনব্যাপী এই আয়োজনে নদী রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা, জাগরণী গান, নৃত্য পরিবেশনা এবং পরিবেশবিষয়ক গণনাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানে নিজেরা করি সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, কেন্দ্রীয় সাংস্কৃতিক কর্মী ইদ্রিস আলী, বিভাগীয় সংগঠক সাইফুন্নাহার রত্না, বাপার জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর, আছাবুর রহমান ও ফয়সাল বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা "নদী বাঁচাও—দেশ বাঁচাও" স্লোগানকে সামনে রেখে ফুলজোড় ও করতোয়া নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান। তারা বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই নদী রক্ষা করা সম্ভব। এ সময় ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যসহ স্থানীয় নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :